
বর্তমান নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পৃথিবীকে বাসযোগ্য রাখতে তারেক রহমানের নেওয়া বিভিন্ন উদ্যোগ প্রশংসনীয়। ২৫ কোটি বৃক্ষরোপণ, পাঁচ বছরে খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মতো পরিকল্পনা তার পরিবেশবান্ধব চিন্তার প্রতিফলন।
মঙ্গলবার (১০ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কপ-৩১ সম্মেলনে যোগদান উপলক্ষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগেই নির্বাচনী অঙ্গীকারে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছিলেন। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পর দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন। এ কারণেই জনগণের কাছে তিনি একজন ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত হচ্ছেন।
বিশ্ব উষ্ণায়নের ভয়াবহতা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বৈশ্বিক তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য নষ্ট হচ্ছে। এর প্রভাব পড়ছে মানবজীবন, প্রকৃতি ও জীববৈচিত্র্যের ওপর। এমন পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ প্রেক্ষাপটে তারেক রহমানের কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা।
তিনি আরও বলেন, এই সম্মেলনে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ ও বৈশ্বিক উষ্ণতার প্রভাব কমানোর উপায় নিয়ে বিশ্বনেতা, জলবায়ু বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা আলোচনা করবেন। এসব আলোচনার মধ্য দিয়ে জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রিজভী বলেন, আমাদের সুন্দর পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য রাখতে হবে। বৈশ্বিক উষ্ণতা কমানোর পাশাপাশি জলবায়ুর স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে যেসব বিরূপ পরিস্থিতি তৈরি হচ্ছে, সেগুলো মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, কপ-৩১ সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কার্বন ডাই-অক্সাইডের প্রভাব কমানো এবং জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেক দেশের ন্যায্য অংশীদারত্ব নিশ্চিত করা প্রয়োজন। বাংলাদেশ সরকারপ্রধান হিসেবে তারেক রহমান পরিবেশ সুরক্ষায় দেশের আন্তরিক প্রচেষ্টা তুলে ধরেছেন। এর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও ন্যায্য হিস্যার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরও গুরুত্ব পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ব/নি-ব/জ