
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নার চুলায় আগুন জ্বালাতে গিয়ে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকার আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়লে দরজা-জানালা ও আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন শাহিন (৩০), তার স্ত্রী লিমা পারভীন (২৬) এবং তাদের দুই আত্মীয় হোসেন (২৮) ও শাহেদ (২৪)। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় চারজনকেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. হারুনুর রশীদ জানান, দগ্ধ চারজনের মধ্যে শাহিন ও লিমা পারভীনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দুজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে। শাহিনের শরীরের ৬৮ শতাংশ এবং লিমার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তাদের দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, হোসেনের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে, শাহেদের শরীরের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের দুজনেরই শ্বাসনালিতে আঘাতের আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সকালে ঘুম থেকে উঠে রান্নার প্রস্তুতি নেওয়ার সময় চুলায় আগুন জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় ভেতরে গ্যাস জমে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। চুলার গ্যাসের চাবি খোলা থাকা কিংবা পাইপলাইনে লিকেজের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফ্ল্যাটের ভেতর থেকে দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালা ভেঙে যায় এবং ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
ব/নি-ব/ত