
বর্তমান নিউজ ডেস্ক
দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী শিক্ষার্থী তৈরি করতে সরকার কাজ করছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া।’ শিক্ষা খাতের বর্তমান চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর তাঁর মনে হয়েছিল, দেশের শিক্ষাব্যবস্থা সামনের দিকে না এগিয়ে পেছনের দিকে যাচ্ছে। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সারা দেশে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাঁর দাবি, সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি।
তরুণ প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের শুধু কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর না হয়ে জ্ঞানভিত্তিক হতে হবে। বাংলাদেশে অর্থবহ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
কারিগরি শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের আধুনিক পলিটেকনিক ইনস্টিটিউটের আদলে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয়কে অতিরঞ্জিত করে উপস্থাপন না করার আহ্বান জানান তিনি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণের জন্য ইতোমধ্যে বাজেট প্রস্তুত করা হয়েছে। চলতি বছরেই এসব কাজ শুরু হবে। তবে শিক্ষার্থীদের অন্যতম দাবি আবাসিক হল নির্মাণের কাজ এ বছর শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী বাজেটে হল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তা প্রসঙ্গে তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে এসব রাস্তা পাকা করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীর জন্য ৫০ একরের ক্যাম্পাস যথেষ্ট নয় উল্লেখ করে আরও ৫০ একর জমির প্রয়োজনীয়তার কথা জানান। এ বিষয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
ব/নি-ব/জ