1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি আশিকাকে

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা রাজধানীর মিরপুর মডেল থানার একটি মামলায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে তাকে আদালতে হাজির দেখানো হয়।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সামছুদ্দোহা তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে হত্যা মামলার ঘটনার সঙ্গে আশিকা সুলতানার জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে আরও জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতাকে দমন-পীড়নে মামলার এজাহারভুক্ত আসামিদের সঙ্গে তিনি অংশ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মামলার অভিযোগ ও পুলিশের আবেদন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৫টার দিকে সরকার পতনের আনন্দে বিজয় মিছিলে অংশ নেন তোফাজ্জল হোসেন খান। মিছিলটি মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ২ নম্বরের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে সশস্ত্র পুলিশ, বিজিবি ও র‍্যাবের সদস্যরা গুলি চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সময়ে পুলিশের নিরাপত্তায় ঘটনাস্থলে অবস্থানরত স্থানীয় ও মহানগর পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র কর্মীরাও গুলি ছোড়েন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পুলিশের আবেদনে বলা হয়, মামলার এজাহারভুক্ত আসামি ইকবাল হোসেন তিতু, হায়দার আলী খান, এস এম হানিফ, এস এম জাহিদ, মইনুল হক নিখিল ও ইসমাইল মোল্লার নেতৃত্বে এবং সরাসরি অংশগ্রহণে অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিরা গুলি চালান। এ সময় একটি গুলি তোফাজ্জল হোসেন খানের মাথার পেছনে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মিরপুর ৬ নম্বরে অবস্থিত ডা. আজমল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ২৫ জুন রাজধানীর মিরপুর এলাকা থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park