1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শাপলা চত্বর মামলায় ট্রাইব্যুনালে ১১ আসামি

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। এ সময় অধিকাংশ আসামির হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট দেখা যায়।

সোমবার সকালে কারাগার থেকে প্রথমে ১০ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে দুপুর ১২টা ১ মিনিটে মামলার অপর আসামি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাজির করা হয়।

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

ট্রাইব্যুনালে হাজির করা ১১ আসামির মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

প্রিজনভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্য আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। পরে তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

এ সময় হাসানুল হক ইনু ও আবদুল লতিফ সিদ্দিকীসহ অধিকাংশ আসামিকে গম্ভীর মুখে দেখা যায়। তবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর মুখে স্বাভাবিক হাসি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এর আগে গত ১২ নভেম্বর এ মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। পরে আসামিপক্ষের শুনানির জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের পক্ষ থেকে মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগগুলোর বিষয়ে আসামিপক্ষের শুনানি শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। এদিকে, মামলার বিচারিক কার্যক্রম ঘিরে আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park