
বর্তমান নিউজ ডেস্ক
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। একই এলাকায় অবস্থান করা এই লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এর প্রভাবে আপাতত দেশের আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী চার দিন সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। তবে আগামী ১৮ নভেম্বর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল ১৫ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া ১৬ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
১৭ নভেম্বরের পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর। ওই দিনও সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে ১৮ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে, ১৮ নভেম্বরের পূর্বাভাসে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সব মিলিয়ে আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকলেও পূর্বাভাসের শেষ দিকে তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
ব/নি-ব/জ