
বর্তমান নিউজ ডেস্ক
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষা ও গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর মতে, আন্তর্জাতিক অঙ্গনে সক্ষমতা ধরে রাখতে গবেষণার বিকল্প নেই।
রোববার (৮ নভেম্বর) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) আয়োজনে ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব এখন পরস্পর-সংযুক্ত। বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিযোগিতার মুখে দেশের সক্ষমতা ধরে রাখতে গবেষণার পাশাপাশি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে হবে। তবে এআইয়ের অপব্যবহার ঠেকাতেও সতর্ক থাকতে হবে।
শিক্ষাকে আনন্দময় করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, শিক্ষকদেরও আনন্দময় পরিবেশে পাঠদান করতে হবে। শিক্ষক প্রশিক্ষণ ও পাঠ্যক্রমকে যুগোপযোগী করতে এআই ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক এবং নায়েমের পরিচালক অধ্যাপক মো. শাহজাহান।
ব/নি-ব/জ