
বর্তমান নিউজ ডেস্ক
বর্তমানে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের নিবন্ধন না দিয়ে নতুন ই-অটোরিকশা চালুর অনুমোদন না দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। নিবন্ধন, লাইসেন্স ও জীবিকা সুরক্ষাসহ আট দফা দাবিতে মানববন্ধনও করেছে সংগঠনটি।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাদের পাশাপাশি অটোরিকশার মালিক ও চালকেরা অংশ নেন।
বক্তারা বলেন, তাঁরা উচ্ছেদ চান না; বৈধভাবে জীবিকা নির্বাহের সুযোগ চান। চলমান অটোরিকশাগুলোকে নিবন্ধন ও কিউআর কোডের আওতায় আনা হলে সরকারের রাজস্ব বাড়বে, সড়কে শৃঙ্খলা ফিরবে এবং সংশ্লিষ্ট পরিবারের জীবিকা সুরক্ষিত হবে।
সংগঠনটির সভাপতি এসএম আবু বকর অভিযোগ করেন, কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থের বিনিময়ে নতুন ই-অটোরিকশা রাস্তায় নামানোর পরিকল্পনা করা হচ্ছে। এতে রাজধানীর যানজট আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, নতুন ই-অটোরিকশার অনুমোদন দেওয়ার আগে বর্তমানে চলমান অটোরিকশাগুলোর নিবন্ধন দিতে হবে।
আবু বকর বলেন, চলমান অটোরিকশার ওপর লাখ লাখ মানুষের জীবিকা নির্ভরশীল। মালিকেরা সরকারি নিয়ম মেনে নিবন্ধন নিতে প্রস্তুত। তবে চলমান অটোরিকশা বন্ধ করে নতুন ই-অটোরিকশা রাস্তায় নামানো হলে তাঁরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে—চলমান অটোরিকশার জন্য চলাচলের অনুমতি, লাইসেন্স ও কিউআর কোড দেওয়া; বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা; চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্সের আওতায় আনা; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি ও ডাম্পিং বন্ধ করা; বিদ্যুৎসাশ্রয়ী লিথিয়াম ব্যাটারি সহজলভ্য করা; ভিআইপি সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ইউটার্নের ব্যবস্থা করা এবং নিবন্ধন ফি ও কর সহনীয় পর্যায়ে নির্ধারণ করা।
ব/নি-ব/জ