
বর্তমান নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী সজ্ঞানে শিবিরকে ভোট দিতে পারেন—এ কথা বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টিএসসিতে ছাত্রদলের দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতাদের প্রসঙ্গ টেনে সোহেল বলেন, বিগত সংসদের ভিপি ও এজিএসদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বক্তব্য ও গণমাধ্যমে তাঁর উপস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, দায়িত্ব পাওয়ার পর নাসিরের কাজ তাঁকে মুগ্ধ করেছে। ২০২৪ সালের আন্দোলনের সময় সংগঠনের নেতৃত্বে থাকা রাকিব ও নাসিরকে তিনি সৌভাগ্যবান বলেও উল্লেখ করেন।
সোহেলের ভাষ্য, ৭ নভেম্বর একটি চেতনা ও প্রেরণার নাম। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্য ও ন্যায়ের পক্ষে লড়াইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সঙ্গে এ দিনের চেতনার মিল রয়েছে। সে কারণে বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে দিবসটি উপলক্ষে আয়োজনকে যথার্থ বলেও মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধের আদর্শের কথা তুলে ধরে সোহেল বলেন, মুক্তিযোদ্ধারা এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে অন্যায়, অত্যাচার ও নির্যাতন থাকবে না; মানুষ দারিদ্র্য ও দুর্ভিক্ষ থেকে মুক্তি পাবে এবং গণতন্ত্র, মতপ্রকাশের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে।
মুক্তিযুদ্ধের সময়ের একটি ব্যক্তিগত স্মৃতির কথা উল্লেখ করে তিনি জানান, বগুড়ায় নানাবাড়ি যাওয়ার পথে এক মুক্তিযোদ্ধার মরদেহ দেখেছিলেন। স্বাধীনতার পর দেশের মানুষের দুর্ভোগ ও দারিদ্র্যের প্রসঙ্গ তুলে তিনি তৎকালীন শাসকগোষ্ঠীর জীবনযাপন নিয়েও সমালোচনা করেন।
সোহেল দাবি করেন, স্বাধীনতার পর একটি দেশ বাংলাদেশকে নিজেদের ওপর নির্ভরশীল ও মেরুদণ্ডহীন রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিল। তাঁর মতে, ৭ নভেম্বর বাংলাদেশের নিজস্ব শক্তি ও স্বকীয়তা প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক ঘটনা।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা অভিযোগ করেন, গত ১৭ বছর বাংলাদেশকে পরিকল্পিতভাবে অন্য একটি দেশের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল। ২০২৪ সালের গণ-আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তন এনেছে উল্লেখ করে তিনি তারেক রহমানকে নতুন নেতৃত্বের আলোকবর্তিকা হিসেবে বর্ণনা করেন।
ব/নি-ব/জ