
বর্তমান নিউজ ডেস্ক
মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত দ্য ডেইলি স্টারকে বলেন, জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দিয়েছেন।
উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ২০২২ সালে মামলাটি করেন। গতকাল বুধবার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে পরীমণি আদালতে হাজির হতে পারেননি জানিয়ে আসামিপক্ষ সময়ের আবেদন করে। রাষ্ট্রপক্ষ তাঁর জামিন বাতিলের আবেদন জানায়।
পরে আদালত পরীমণির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
২০২৪ সালের ১৮ মার্চ ঢাকা জেলা পিবিআই পরীমণি ও তাঁর সহযোগী জিমির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। একই বছরের ১৮ এপ্রিল আদালত অভিযোগপত্র আমলে নেন। গত বছরের ২৬ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাতে পরীমণি ও তাঁর সহযোগীরা ঢাকা বোট ক্লাবে যান। সেখানে এক বোতল মদ নিয়ে যাওয়ার চেষ্টা করলে নাসির ইউ মাহমুদ বাধা দেন। এ নিয়ে বাদীকে গালাগাল, গ্লাস ও ফোন ছুড়ে মারার অভিযোগ করা হয়। এতে নাসির মাথা ও বুকে আঘাত পান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তাঁকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
ব/নি-ব/জ