1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

ফতুল্লায় কাজে ফিরেছেন শ্রমিকেরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

টানা তিন দিনের শ্রমিক আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে অধিকাংশ পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকেরা। সড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার কাঠেরপুল, রামারবাগ, শিবু মার্কেট ও নয়ামাটি এলাকায় কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি দেখা যায়। এসব এলাকার সড়কে যানবাহন চলাচলও স্বাভাবিক ছিল।

সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে এসব এলাকায় উত্তেজনা ছড়ায়। শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার পর বিভিন্ন সময়ে কারখানা থেকে বেরিয়ে সড়কে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার পরিস্থিতি শান্ত থাকলেও কাঠেরপুল, শিবু মার্কেট ও নয়ামাটি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আশপাশের সড়কে বিজিবির টহলও দেখা গেছে। দায়িত্ব পালন করছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।

নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ এলাকা চাষাড়াতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। চাষাড়া শহীদ মিনার এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি।

বাংলাদেশ ট্রাস্ট ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এফ এম আবু সাঈদ বলেন, পরিস্থিতি এখন শান্ত এবং শ্রমিকেরা কর্মস্থলে ফিরে কাজ করছেন। মজুরি বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার পরও কিছু দেশি-বিদেশি চক্রের উসকানিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park