
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
বয়স্ক, অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে নারায়ণগঞ্জে তরুণ স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে আয়াত এডুকেশন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অনুষ্ঠিত কর্মশালায় ৪০ জন তরুণ স্বেচ্ছাসেবকসহ প্রায় ৬০ জন অংশ নেন। এতে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম এবং আয়াত এডুকেশনের প্রোগ্রাম ডিরেক্টর লায়লা করিম।
কর্মশালায় বক্তারা বলেন, সমাজসেবা শুধু আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়। অসুস্থ মানুষের পাশে থাকা, তাঁদের মানসিক শক্তি জোগানো এবং পরিবারের দুর্দিনে সহমর্মিতা দেখানোও মানবিক দায়িত্ব। দীর্ঘমেয়াদি ও গুরুতর রোগে আক্রান্ত মানুষের জন্য পরিবার ও কমিউনিটির সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
প্রশিক্ষণে প্যালিয়েটিভ কেয়ার বা উপশমমূলক সেবার গুরুত্ব তুলে ধরা হয়। এ সেবার লক্ষ্য রোগীর কষ্ট কমানো, জীবনযাত্রার মান উন্নত করা এবং তাঁকে মানসিক ও সামাজিক সহায়তা দেওয়া।
দিনব্যাপী কর্মশালায় নেতৃত্বের দক্ষতা, কমিউনিটি নেটওয়ার্ক গড়ে তোলা এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মাঠপর্যায়ে কাজের চ্যালেঞ্জ মোকাবিলা এবং রোগীর ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা রক্ষার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকেরা জানান, বয়স্ক ও গুরুতর অসুস্থ মানুষের সেবায় চিকিৎসার পাশাপাশি পারিবারিক সহযোগিতা, সামাজিক সচেতনতা ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ প্রয়োজন। স্থানীয় পর্যায়ে তরুণদের যুক্ত করা গেলে অসহায় মানুষের জন্য সহায়তার পরিসর বাড়বে।
কর্মশালার শেষপর্বে অংশগ্রহণকারী তরুণ স্বেচ্ছাসেবকেরা স্থানীয়ভাবে বয়স্ক, অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় জানান।
ব/নি-ব/জ