
বর্তমান নিউজ ডেস্ক
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দীপকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে পাঁচটি কারণ উল্লেখ করা হয়। সেগুলোর মধ্যে রয়েছে—হত্যার সম্ভাব্য কারণ নির্ধারণ, হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার, মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের শনাক্ত, চাক্ষুষ সাক্ষী ও সিসিটিভি ফুটেজের সঙ্গে দীপের বক্তব্য মিলিয়ে দেখা এবং অপরাধের ধরন ও পদ্ধতি সম্পর্কে তথ্য সংগ্রহ।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। পরে দীপকে এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে ৩১ অক্টোবর প্রথম দফায় দীপের চার দিনের এবং ৩ নভেম্বর দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ মামলায় আরেক আসামি জেরিকা তাসনিম দিশাকে ১ নভেম্বর চার দিন এবং ৪ নভেম্বর আরও তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। তিনি বর্তমানে রিমান্ডে রয়েছেন।
ব/নি-ব/ত