
বর্তমান নিউজ ডেস্ক
প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় সাংগঠনিক কাঠামো ও কর্মী ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনছে অস্ট্রেলিয়াভিত্তিক গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা। প্রতিষ্ঠানটির ১ হাজার ২৭১টি পদ—মোট কর্মীর প্রায় ২২ শতাংশ—এই পুনর্গঠনের আওতায় পড়ছে। তবে সব পদে কর্মী ছাঁটাই হচ্ছে না; কারও দায়িত্ব বদলাবে, কাউকে অন্য কর্মস্থলে যেতে বলা হবে, আবার কেউ চাকরি হারাবেন।
ক্যানভার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেলানি পারকিনস কর্মীদের এক বার্তায় বলেন, গত এক দশকে প্রথমবারের মতো প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি কমেছে। এ পরিস্থিতিতে কাজের ধরন ও সাংগঠনিক কাঠামো নতুন করে সাজানো হচ্ছে।
পুনর্গঠনের অংশ হিসেবে পণ্য, প্রবৃদ্ধি ও প্রযুক্তি প্ল্যাটফর্ম–সংশ্লিষ্ট দলগুলোকে একীভূত করে একটি পণ্য বিভাগ গঠন করা হবে। ব্যবস্থাপনার স্তর ও কাজের হস্তান্তরের ধাপ কমিয়ে দলগুলোকে আরও স্পষ্ট দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে ক্যানভা।
পণ্য উন্নয়ন দলের প্রধান কর্মস্থল হিসেবে সিডনিকে আরও গুরুত্ব দেওয়া হবে। এ জন্য কিছু কর্মীকে সেখানে স্থানান্তরের অনুরোধ করা হতে পারে। আগামী জানুয়ারি থেকে হাইব্রিড পদ্ধতিতে কাজ করা অধিকাংশ কর্মীকে সপ্তাহে দুই থেকে তিন দিন অফিসে থাকতে হবে।
প্রতিষ্ঠান ছাড়তে হবে—এমন কর্মীদের ভবিষ্যৎ উদ্যোগের জন্য ১০ হাজার মার্কিন ডলারের অনুদান দেওয়ার পরিকল্পনাও রয়েছে ক্যানভার।
ব/নি-ব/ত