
নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী হোদেইদা প্রদেশের গুরুত্বপূর্ণ রাস ইসা বন্দর ও একটি তেল স্থাপনায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এসব হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের সবাই বেসামরিক নাগরিক বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা।
সোমবার (২ নভেম্বর) হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলসাবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হামলার বিস্তারিত তুলে ধরেন।
আনিস আলসাবাহির দাবি অনুযায়ী, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট প্রথমে লোহিত সাগরের তীরবর্তী রাস ইসা বন্দরে বিমান হামলা চালায়। এতে বন্দরে অবস্থানরত চারজন বেসামরিক ব্যক্তি আহত হন। এরপর হোদেইদা প্রদেশের বাজিল জেলার একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এতে আরও তিনজন আহত হন। তারাও বেসামরিক নাগরিক বলে দাবি করেছেন হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই মুখপাত্র।
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আনিস আলসাবাহি বলেন, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ বন্দরে বারবার হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। ইয়েমেনের বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এ ধরনের হামলা যুদ্ধাপরাধের আরেকটি উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের অন্যতম পক্ষ হুথি বিদ্রোহী গোষ্ঠী। ২০১৪ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ২০১৫ সালে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। দীর্ঘ কয়েক বছর ধরে বিমান হামলা ও সামরিক অভিযান চালিয়েও হুথিদের নিয়ন্ত্রণ থেকে দেশটির গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো পুরোপুরি মুক্ত করতে পারেনি জোটটি।
পরবর্তী সময়ে জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এর ফলে সংঘাত কিছুটা কমে এলেও ইয়েমেনের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির স্থায়ী সমাধান হয়নি। চলতি বছরের জুলাইয়ে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের নতুন করে সংঘাত শুরু হলে পরিস্থিতির আবারও অবনতি ঘটে। এর ফলে দেশটিতে নতুন করে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘদিনের সংঘাত, অর্থনৈতিক সংকট ও নিরাপত্তাহীনতার কারণে ইয়েমেনের সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। নতুন করে গুরুত্বপূর্ণ বন্দর ও তেল স্থাপনায় হামলার ঘটনায় দেশটির পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।