
বর্তমান নিউজ ডেস্ক
গাজীপুরে নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের গায়েবানা জানাজার আয়োজন করলে এনসিপির নেতাকর্মীদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা তৌফিক হোসেন (২০) পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনায় বুধবার দুপুরে চান্দনা চৌরাস্তায় গায়েবানা জানাজার আয়োজন করে এনসিপি।
জানাজা শুরুর আগে এনসিপি ও শ্রমিক শক্তির কয়েকজন নেতা বক্তব্য দেন। পরে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান। বক্তব্য শেষে তাঁরা গায়েবানা জানাজা পড়তে চাইলে পুলিশ বাধা দেয়। পরে জানাজা চালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়।
আলী নাসের খান বলেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। তাঁরা পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুর বিচার দাবি করছেন। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, চান্দনা চৌরাস্তায় এনসিপির নেতারা সড়ক অবরোধ করে গায়েবানা জানাজার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের নিষেধ করা হলেও তাঁরা শোনেননি। সড়ক অবরোধে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।
ব/নি-ব/জ