
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
প্রেমিককে বিয়ে করার দাবিতে প্রায় ১০০ ফুট উঁচু মোবাইল ফোনের টাওয়ারে উঠে পড়েন ভারতের উত্তর প্রদেশের বাহরাইচ জেলার ১৯ বছর বয়সী এক তরুণী। পরিবারের সদস্যরা বিয়েতে সম্মতি না দেওয়া পর্যন্ত তিনি নিচে নামতে অস্বীকৃতি জানান। পরে ভিডিও কলে প্রেমিকের সঙ্গে নিকাহ সম্পন্ন হওয়ার পর টাওয়ার থেকে নেমে আসেন তিনি। হিন্দুস্তান টাইমসের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, তরুণীর নাম সাহিবা বেগম; তিনি মেহেক নামেও পরিচিত। ২১ বছর বয়সী নূরুদ্দিনের সঙ্গে সম্পর্ক নিয়ে মায়ের সঙ্গে তর্কের একপর্যায়ে তিনি টাওয়ারে ওঠেন। সে সময় কাজের জন্য প্রায় এক হাজার কিলোমিটার দূরে মুম্বাইয়ে ছিলেন নূরুদ্দিন। দুই পরিবারের সদস্যরা তাঁদের বিয়েতে আপত্তি জানাচ্ছিলেন।
মেহেককে নিরাপদে নিচে নামাতে পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও পুলিশ চেষ্টা চালায়। প্রায় চার ঘণ্টা টাওয়ারে অবস্থান করেন তিনি। এ সময় বিয়ের দাবি পূরণ না হলে লাফ দেওয়ার হুমকিও দেন। খবর পেয়ে নারী পুলিশ সদস্যসহ একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে শান্ত করার চেষ্টা করে। পুলিশ নূরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করে দুই পরিবারের বিরোধ মেটানোর উদ্যোগ নেয়।
শেষ পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে স্থানীয় এক মুসলিম ধর্মীয় নেতা তাঁদের নিকাহ সম্পন্ন করেন। নূরুদ্দিন মুম্বাই থেকে অনলাইনে বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেন বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। এরপর মেহেক টাওয়ার থেকে নেমে আসতে রাজি হন; নারী পুলিশ সদস্যরা তাঁকে নিরাপদে নিচে নামতে সহায়তা করেন।
পরে পুলিশ মেহেক ও তাঁর পরিবারের সদস্যদের কাউন্সেলিংয়ের জন্য থানায় নিয়ে যায়। সেখান থেকে তাঁকে মায়ের সঙ্গে বাড়িতে পাঠানো হয়। ঘটনাটি দেখতে টাওয়ারের আশপাশে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে।