
বিশেষ প্রতিনিধি | আমিন হাসান
জামালপুরের সরিষাবাড়ীতে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় আরামনগর বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। পরে পৌরসভার ঝালোপাড়া সড়কে শতাধিক গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক রমজান আলী। প্রধান অতিথি ছিলেন সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন। সভায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন বলেন, নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে সরিষাবাড়ী উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা তা প্রতিহত করবেন।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এরপর ঝালোপাড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার যুবদলের নেতাকর্মীসহ বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্যসচিব ওস্তাদ মোশাররফ হোসেন।