
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সৌজন্য সাক্ষাৎকালে চেম্বারের পক্ষ থেকে প্রশাসককে ফুলের তোড়া প্রদান করা হয় এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করা হয়।
সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ চেম্বারের নেতৃবৃন্দ বলেন, দেশের অন্যতম শিল্পনগরী হিসেবে নারায়ণগঞ্জের অর্থনৈতিক অগ্রগতিতে সিটি করপোরেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বিনিয়োগবান্ধব নগর গড়ে তুলতে প্রশাসনের সঙ্গে ব্যবসায়ী সমাজ একযোগে কাজ করতে আগ্রহী। তারা নগরের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, অবৈধ দখল উচ্ছেদ এবং নাগরিক সেবার মান বৃদ্ধির বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন।
জবাবে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ চেম্বারের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, নগরবাসীকে উন্নত ও মানসম্মত সেবা প্রদানই তাঁর প্রধান লক্ষ্য। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে তিনি সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ব্যবসায়ী সমাজের সঙ্গে সমন্বয় করে নগর উন্নয়নের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, শিল্প ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। নগর উন্নয়নে সরকারি সংস্থা, ব্যবসায়ী সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং নাগরিক সেবার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় নারায়ণগঞ্জ চেম্বারের নেতৃবৃন্দ এবং নাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।