
বিশেষ প্রতিনিধি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) মেয়র পদকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় তরুণ নেতৃত্বের মধ্যে এগিয়ে রয়েছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও জনদরদী ব্যক্তি রাকিবুল ইসলাম রাকিব। সামাজিক কর্মকাণ্ড, মানবিক উদ্যোগ এবং সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগের কারণে অল্প সময়েই তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় তার নানা উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। শীতবস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী প্রদান, দরিদ্র পরিবারের সহায়তা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতার মাধ্যমে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।
সম্প্রতি পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের মাঝে ইফতার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করে তিনি আলোচনায় আসেন। এসব কর্মসূচিতে স্থানীয় তরুণদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। তরুণ সমাজের অনেকেই মনে করেন, আধুনিক ও পরিকল্পিত নগর গড়তে তরুণ নেতৃত্বের বিকল্প নেই এবং সেই জায়গায় রাকিবুল ইসলাম রাকিব একটি সম্ভাবনাময় নাম।
ব্যবসায়িক অঙ্গনেও তিনি সফল একজন উদ্যোক্তা হিসেবে পরিচিত। শিল্প ও ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নগর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মান উন্নয়নে তিনি ভূমিকা রাখতে পারবেন বলে অনেকেই আশা প্রকাশ করছেন।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, একজন তরুণ, উদ্যমী ও সমাজসেবামূলক মানসিকতার নেতা হিসেবে রাকিবুল ইসলাম রাকিব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে পারেন। ফলে নাসিক মেয়র পদে তরুণদের মধ্যে তার নাম এখন বেশ জোরালোভাবেই আলোচনায় রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দিনে তরুণ নেতৃত্বের উত্থান হলে নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে এবং সেই সম্ভাবনাময় তরুণদের তালিকায় অন্যতম নাম হিসেবে উঠে আসছে জনদরদী সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।