
বর্তমান নিউজ ডেস্ক :
পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাবে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এছাড়াও চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্যও আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ সময় ধনী-গরিব সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয় এবং সমাজে সম্প্রীতি বৃদ্ধি পায়। তারা আরও বলেন, এ ধরনের ইফতার মাহফিল ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইফতার মাহফিল শেষে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। পুরো অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন।