
বর্তমান নিউজ ডেস্ক নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি।
অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদানকে আরও সহজ, দ্রুত ও বিনিয়োগবান্ধব করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জনাব মোঃ নূর কুতুবুল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব (উপসচিব)। অপরদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জনাব জীবন কৃষ্ণ সাহা রায়, মহাপরিচালক (বিনিয়োগ উন্নয়ন)।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাক্ষী হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ এবং জনাব শ্রমণ মজুমদার রুদ্র, সহকারী প্রোগ্রামার।
এই সমঝোতা স্মারকের আওতায় বিডার ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুটি গুরুত্বপূর্ণ সেবা—ট্রেড লাইসেন্স প্রদান এবং ট্রেড লাইসেন্স নবায়ন—সংযুক্ত করা হবে। এর ফলে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা একটি একক অ্যাকাউন্ট ব্যবহার করে একবারই প্রয়োজনীয় তথ্য প্রদান করে একাধিক সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন।
এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি প্রশাসনিক জটিলতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে এটি নারায়ণগঞ্জে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে সিটি কর্পোরেশনের সেবার স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতাও আরও বৃদ্ধি পাবে বলে মত দেন বক্তারা।