
নিজস্ব প্রতিনিধি।
নারায়ণগঞ্জের নবাগত ডিসি মোঃ রায়হান কবিরের কাছে শহরটিকে পূর্বের ন্যায় বসবাসযোগ্য করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ফার্নিচার শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ফয়সাল রায়হান।
এ ব্যবসায়ী নেতা বলেন, নারায়ণগঞ্জ শহরের ব্যবসায়ী তথা সাধারণ মানুষের জন্য বর্তমানে সবচেয়ে ভয়াবহ সমস্যাগুলো হচ্ছে শহরের ধারণক্ষমতার চেয়ে অনেকগুন বেশী হকার, অটোরিকশা, চাদাবাজি, যত্রতত্র বাস-ট্রাক পার্কিং, একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার ড্রেনের কাজ একসাথে বন্ধ করে ড্রেন নির্মান।
ব্যবসায়ীরা লাখ লাখ টাকা খরচ করে দোকান এডভান্স, ভাড়া দিয়ে এবং সরকারকে ট্রেড লাইসেন্স, উৎস কর, ভ্যাট, ট্যাক্স দিয়ে জাতীয় অর্থনীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
কিন্তু অবৈধভাবে ফুটপাত দখলকারী হকাররা সরকারকে কোন রাজস্ব না দিয়ে, রাস্তায় চলাচলের বিঘ্ন ঘটিয়ে মার্কেটগুলোর সামনে ফুটপাত দখলের কারণে মার্কেটগুলোর ব্যবসায়ীরা ঠিকমতো বেচাকিনা করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এসব হকারদের ৯৫% বহিরাগত জেলা থেকে আসায় তারা নানানভাবে এ শহর থেকে বৈধ-অবৈধ উপায়ে টাকা কামিয়ে বিভিন্ন সময় অপরাধ করে নারায়ণগঞ্জ থেকে তাদের নিজ শহরে পালিয়ে যায়। নারায়ণগঞ্জ জেলার ব্যবসায়ী সংগঠনগুলোর মাধ্যমে এর আগেও বিভিন্নভাবে ডিসি-এসপির কাছে হকার ইস্যুর সমাধান চাইলেও কেউই তা দিতে পারেন নি।
এছাড়া অবৈধ অটোরিকশার জন্য নারায়ণগঞ্জ শহরের চলমান জনজীবন স্থবির হয়ে পড়েছে। ৫ মিনিটের দূরত্বের রাস্তা গাড়ি-রিকশায় পাড়ি দিতে লাগে ২০-৩০ মিনিট। ২নং গেট থেকে চাষাড়া সবসময় জ্যাম লেগেই থাকছে মাত্রাতিরিক্ত পরিমাণে অবৈধ অটোরিকশার জন্য।
এছাড়া ছোট এই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে একসাথে ড্রেনের কাজ করায় মানুষ এবং যানবাহন চলাচলে খুবই কষ্ট হচ্ছে।
এ ছাড়াও চাদাবাজি ইস্যু ও শহরের অপর্যাপ্ত রাস্তার যত্রতত্র বাস-ট্রাক পার্কিং এর জন্য নারায়ণগঞ্জ শহর দিনদিন বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে।
প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ জেলা সারা বাংলাদেশের অন্যতম ধনী জেলা এবং সর্বোচ্চ পর্যায়ের রাজস্ব প্রদানকারী জেলার অন্তর্ভুক্ত। নারায়ণগঞ্জ এর পাইকারী ব্যবসা এবং গার্মেন্টস শিল্পের মাধ্যমে এ জেলার ব্যবসায়ীরা সারাদেশের অর্থনীতি শক্তিশালীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
তাই নবাগত ডিসি মোঃ রায়হান কবিরের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সকল ব্যবসায়ীদের পক্ষে ফয়সাল রায়হান এই সমস্যাগুলোর সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার আবেদন জানান।
এবং সেই সাথে নারায়ণগঞ্জ জেলায় নবাগত ডিসিকে সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।