
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রিয়াজ ওরফে ডেভিড নামে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সোয়া ৯টায় মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ ও সহযোগী সামাদসহ চারজন। এ সময় পালানোর চেষ্টা করলে ডেভিডের পায়ে গুলি লাগে। অন্যদিকে, এসআরবির পৃথক একটি দল আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, পুলিশ ও এসআরবির পৃথক দল অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। বাকিদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে পরে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানাবেন।
পুলিশের দাবি, কনস্টেবল হত্যা ছাড়াও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)। তিনি সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামে।
ব/নি-ব/ত