
বর্তমান নিউজ ডেস্ক
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে শ্রমিকরা সড়কের পাশ থেকে সরে যান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে শ্রমিকরা কারখানায় যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। এ পরিস্থিতিতে বাঘের বাজার এলাকার পাঁচটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাইকিং করেন। একপর্যায়ে শ্রমিকরা সড়কের পাশ থেকে সরে যান।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে জেলার ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ভোগড়া, কোনাবাড়ী ও বাংলাবাজারসহ বিভিন্ন এলাকার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, এখন পর্যন্ত কোথাও সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। বাঘের বাজার এলাকায় সামান্য সমস্যা দেখা দিয়েছিল, যা ইতোমধ্যে সমাধান হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং অনেক শিল্পকারখানায় কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।
ব/নি-ব/ত