
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ শুরু হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দৈনিক সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপটিতে যেতে পারবেন। ভ্রমণের সুযোগ থাকবে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত। প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা।
রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।
আগে দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটক যাওয়ার অনুমতি ছিল। নতুন সিদ্ধান্তে সংখ্যা বেড়েছে ৭৫ শতাংশ। পাশাপাশি ফেব্রুয়ারি মাসেও পর্যটক যাতায়াতের সুযোগ রাখা হয়েছে।
নতুন নির্দেশনায় পরিবেশ সংরক্ষণে আগের বিধিনিষেধও বহাল রাখা হয়েছে। রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি আয়োজন, কেয়াবনে প্রবেশ এবং দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি করা নিষিদ্ধ থাকবে। সৈকতে মোটরসাইকেল ও সি-বাইকসহ মোটরচালিত যানবাহন চলাচলও নিষিদ্ধ।
এ ছাড়া নিষিদ্ধ পলিথিন বহন না করা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পুনর্ব্যবহারযোগ্য পানির ফ্লাস্ক ব্যবহারে পর্যটকদের উৎসাহিত করার নির্দেশনা রয়েছে।
দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানির প্রাপ্যতা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।