
নিজস্ব প্রতিবেদক। বর্তমান নিউজ
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্দির কমিটির হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময়ের পর মন্দির কমিটির হাতে অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।
এর আগে সড়কপথে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্দির কমিটির সদস্য ও বিএনপির নেতারা।
প্রধানমন্ত্রী পূজামণ্ডপে প্রবেশ করে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনকে শুভেচ্ছা জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম রংপুর সফর।
রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে তাঁর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।