
নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
চলমান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা ও পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তিন বিভাগের তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এ সময় তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
সফরসূচি অনুযায়ী, রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে দুপুর ১টা ১৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুর ২টা ১৫ মিনিটে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। বিকেল ৩টায় রাজশাহী সার্কিট হাউজে যাত্রাবিরতির পর বিকেল ৪টা ১৫ মিনিটে হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এরপর বিকেল সাড়ে ৫টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রামের জেএম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।
চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ওই রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।
আতিকুর রহমান রুমন আরও জানান, বাংলাদেশের কোনো সরকারপ্রধানের ঢাকার বাইরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। সফরকালে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।