
নিজস্ব প্রতিবেদক। বর্তমান নিউজ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন তিনি। প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বাসযোগে রংপুরের উদ্দেশে যাত্রাকালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দেখে বাস থামান তিনি।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দেখে বাস থামান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।
অধ্যক্ষ আরও জানান, কলেজের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে দুটি ছাত্রাবাস ও একটি হলরুম নির্মাণের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে লিখিতভাবেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি
সফরসূচি অনুযায়ী, রংপুরে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণের পর দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তিনি। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন।
পরে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।