
নিজস্ব প্রতিবেদক। বর্তমান নিউজ
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৪টি হামলা চালিয়ে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের কয়েকটি ঘাঁটি দখলের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ৫৫৮ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে সরকারি বাহিনী। এ ছাড়া ধ্বংস করা হয়েছে হুথিদের ১৩৫টি সামরিক যানবাহন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানান ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।
আল-নুজাইলি জানান, যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আর্টিলারি, রকেট লঞ্চার ও স্নাইপার ইউনিট ব্যবহার করে এসব অভিযান পরিচালনা করা হয়। এতে হুথিদের হামলা চালানোর অবস্থান এবং রসদ সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র ও শাবওয়া প্রদেশে হুথিদের অবস্থান লক্ষ্য করে সরকারি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এর ফলে হুথিদের চলাচল সীমিত হয়ে পড়েছে এবং নতুন করে শক্তি মোতায়েন ও পুনর্গঠনের সুযোগ কমে এসেছে।
ইয়েমেনের পশ্চিম উপকূল এবং কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীর কাছেও হুথিদের অগ্রযাত্রা প্রতিহত করার দাবি করেছে সরকারি বাহিনী। একই সঙ্গে হুথিদের জমায়েতস্থল ও হামলা পরিচালনার অবস্থানগুলো লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র।
গত ৫ অক্টোবর হুথিদের পরাজিত করে দখল করা এলাকাগুলো পুনরুদ্ধারের লক্ষ্যে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ শুরু করে ইয়েমেনের সেনাবাহিনী। অভিযান শুরুর পর দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও ইরান-সমর্থিত হুথি বাহিনীর মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। এ অভিযানে সৌদি আরব বিমান সহায়তা দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, সংঘাতের মধ্যে হুথিরাও সৌদি আরব ও ইয়েমেনের সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সেনাবাহিনীর মুখপাত্রের দাবি, সোমবার শাবওয়া প্রদেশের একটি সেনা প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথিরা। এতে অন্তত ৫৮ জন নিহত হয়েছেন।
সূত্র: আরব নিউজ