
বর্তমান নিউজ ডেস্ক :নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন ৬৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন মাসের জন্য গঠিত এই কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।
জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনের ভিত্তিতে ঘোষিত এ কমিটিতে হাসান সিকদার কে আহ্বায়ক এবং মো. তৌকির আহমেদ ওমর কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মো. মাহফুজ কে ও আব্দুল সামাদ প্রধান কে যুগ্ম আহ্বায়ক এবং মো. মাশফিক হোসেন ও মো. সময় আহমেদ কে যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠনের নেতারা জানান, “নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে”—এই প্রতিপাদ্যকে ধারণ করে ফতুল্লা থানার শিক্ষার্থীদের মধ্যে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার লক্ষ্যেই এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসে সাংগঠনিক ভিত্তি সুসংহত করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে।
নবনিযুক্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তৌকির আহমেদ ওমর বলেন, সংগঠন যে দায়িত্ব তাদের ওপর অর্পণ করেছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, সকল পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে জাতীয় ছাত্রশক্তির আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে ফতুল্লা থানায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।