
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দেলপাড়া ইউনিয়নের বাসিন্দা নারী সাংবাদিক ও ‘জুলাই যোদ্ধা’ নার্গিস আক্তার নিশা গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর লড়াই করছেন। অর্থাভাবে তার চিকিৎসা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় অবস্থার দ্রুত অবনতি ঘটছে।
নার্গিস আক্তারের পারিবারিক অবস্থা অত্যন্ত করুণ। তার পিতা মৃত মোঃ মন্তাজ উদ্দিন, মাতা মৃত আঙ্গুরা বেগম এবং স্বামী মৃত আব্দুর রাজ্জাক। পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় তিনি একমাত্র অল্পবয়সী কন্যা সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই সাইনবোর্ড এলাকায় সংঘটিত এক সহিংস ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে ঢাকা বিভাগের (গ) ক্যাটাগরির ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত করা হয় (গেজেট নম্বর–১৪৭২)। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভোগার পর সম্প্রতি তার কিডনি রোগ শনাক্ত হয়, যা এখন জটিল অবস্থায় পৌঁছেছে।
এর আগে ২০২৫ সালের ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অর্থ সংকটের কারণে চিকিৎসা নিয়মিত চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বর্তমানে তিনি ঢাকার সিএমএস হাসপাতালে মহিলা ওয়ার্ডের ১৪ নম্বর বেডে ভর্তি আছেন।
গত ২৯ মার্চ ২০২৬ তারিখে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় যে, তিনি কিডনি জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি কোমরে তীব্র ব্যথা, মাথা ও ঘাড়ে যন্ত্রণা, হাতে ব্যথা, প্রস্রাবে সংক্রমণ ও রক্ত জমাট বাঁধার মতো জটিল উপসর্গে ভুগছেন।
এমন পরিস্থিতিতে তার চিকিৎসা চালিয়ে যেতে জরুরি আর্থিক সহায়তা প্রয়োজন। সংশ্লিষ্টরা দেশ-বিদেশের সহৃদয় ও বিত্তবান ব্যক্তিদের কাছে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সবার সামান্য সহায়তাই একটি প্রাণ বাঁচাতে পারে এবং একটি শিশুর ভবিষ্যৎ রক্ষা করতে পারে।
সহায়তা পাঠানোর বিকাশ নম্বর: ০১৭২৮০৬০৯২৭