
স্টাফ রিপোর্টার:
দৈনিক আমাদের জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. নুরুল আজিজ চৌধুরী এবং আরটিভি চ্যানেলের নিউজ এডিটর আব্দুল হাকিম চৌধুরীর মাতা রাবেয়া খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সর্বশেষ অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভুমি পল্লী আবাসিক এলাকার জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ, টেলিভিশন মিডিয়ার প্রতিনিধিরা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে উপস্থিত মুসল্লিরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
পরে সিদ্ধিরগঞ্জ পাইনা দি কেন্দ্রীয় কবরস্থানে তার স্বামী মরহুম আব্দুল বাড়ি চৌধুরীর কবরের পাশে তাকে দাফন করা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
জীবদ্দশায় রাবেয়া খাতুন একজন স্নেহশীলা, ধর্মপরায়ণ ও পরোপকারী নারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি পরিবার, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় মুখ।
মরহুমার মৃত্যুতে তার পরিবার-পরিজন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল।