
বিস্তারিত সংবাদ:
নারায়ণগঞ্জ–২ আসনের আড়াইহাজার উপজেলায় অনুষ্ঠিত এক নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় সভায় বিএনপি থেকে মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারকে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে হলে শুধুমাত্র কঠোরতা নয়, মানবিক দৃষ্টিভঙ্গিও জরুরি। তিনি ঘোষণা দেন, যারা ভুল পথে জড়িয়ে ডাকাতি ও বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হয়েছে, তাদের জন্য সমাজে ফিরে আসার সুযোগ দিতে পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা হবে।
তিনি বলেন, “অনেক যুবক অভাব, বেকারত্ব ও দিকনির্দেশনার অভাবে অপরাধের পথে গেছে। তাদের সবাই জন্মগত অপরাধী নয়। সঠিক সুযোগ, প্রশিক্ষণ ও কর্মসংস্থান পেলে তারা সমাজের সম্পদে পরিণত হতে পারে।” এজন্য তার নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে পুনর্বাসন, কারিগরি প্রশিক্ষণ ও স্বনির্ভর কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
জননেতা নজরুল ইসলাম আজাদ আরও বলেন, আড়াইহাজারের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়। তিনি নির্বাচিত হলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, সমাজপতি ও স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে একটি সামাজিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে অপরাধ দমন ও প্রতিরোধ দুটোই একসঙ্গে নিশ্চিত করা যায়।
সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ তার বক্তব্যে হাততালি দিয়ে সমর্থন জানান। অনেকেই বলেন, এ ধরনের মানবিক ও বাস্তবমুখী চিন্তাধারা আড়াইহাজারে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।