
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সনদ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেছেন, গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সহজ, স্পষ্ট ও বস্তুনিষ্ঠভাবে বোঝানোর দায়িত্ব সাংবাদিকদের।
সনদপত্র তুলে দেওয়ার সময় তিনি বলেন, গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি ও প্রশ্ন রয়েছে, তা দূর করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
ডিসি রায়হান কবির আরও বলেন, নির্বাচনকালীন সময়ে গুজব ও অপপ্রচার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে এসব অপতথ্য রোধ করা সম্ভব। এক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে শেয়ার বিজ পত্রিকার পক্ষ থেকে সাংবাদিক মোঃ ইমতিয়াজ আহমেদ সহ আরও অনেক প্রশিক্ষণার্থী পিআইবি’র প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে সনদপত্র গ্রহণ করেন।
সনদ বিতরণ অনুষ্ঠানে পিআইবি’র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পিআইবি’র এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপনে সহায়ক ভূমিকা রাখে।