
বর্তমান নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জ প্রতিনিধি।
নারায়ণগঞ্জ-২ আসনের আড়াইহাজার উপজেলার বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জননেতা নজরুল ইসলাম আজাদ বলেছেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য প্রকাশ করা, অপপ্রচার বা রাজনৈতিক প্রোপাগান্ডায় জড়ানো নয়। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশই গণমাধ্যমের মূল দায়িত্ব। বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সমাজে ভুল বার্তা দেয়।”
সম্প্রতি আড়াইহাজারে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আড়াইহাজারের উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন।
নজরুল ইসলাম আজাদ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এ সময়ে তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়েছে, বহুবার হামলার শিকার হতে হয়েছে এবং রাজনৈতিকভাবে তাকে দমিয়ে রাখার নানা চেষ্টা চালানো হয়েছে। তবুও তিনি কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হননি।
তিনি বলেন, “হামলা-মামলা, জুলুম-নির্যাতন আমাকে দমাতে পারেনি। আমি সবসময় আড়াইহাজারের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। জনগণের অধিকার আদায়ই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
বিএনপির এই নেতা আরও বলেন, বিগত বছরগুলোতে আড়াইহাজারে গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে। জনগণ আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সংবাদ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে সাহস জোগায়।”
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীর দিনে জনগণ সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের জবাব ব্যালটের মাধ্যমে দেবে এবং একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হবে।
মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।