
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ–২ (আড়াইহাজার) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা নজরুল ইসলাম আজাদ।
সোমবার এক নির্বাচনী বার্তায় তিনি বলেন, “নারী সমাজকে নিরাপদ ও ক্ষমতায়িত না করে কোনো জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। একটি ন্যায়ভিত্তিক ও সমতার সমাজ গড়তে হলে নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বাড়াতে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
নজরুল ইসলাম আজাদ জানান, নির্বাচিত হলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা জোরদার, নারীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নে কার্যকর নীতিমালা বাস্তবায়নে তিনি কাজ করবেন। পাশাপাশি শিক্ষা ও কর্মসংস্থানে নারীদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
শেষে তিনি নারায়ণগঞ্জ–২ আসনের সর্বস্তরের ভোটারদের উদ্দেশ্যে বলেন, “সমতার বাংলাদেশ গড়তে, নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দিন।”
উল্লেখ্য, নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ–২ আসনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ইতোমধ্যে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।