
বর্তমান নিউজ ডটকম:
গাছ লাগানোকে ‘ইবাদতের মতো কাজ’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তাঁর মতে, “অক্সিজেন ছাড়া মানুষ ২ মিনিটও বাঁচতে পারে না। তাই গাছ লাগানো শুধু পরিবেশের জন্য নয়, আমাদের অস্তিত্বের জন্যই জরুরি।”
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্ব সেরা’— এই স্লোগানে আয়োজিত কর্মসূচির আওতায় জেলার ১৪টি স্থানে একযোগে ১০ হাজার গাছ রোপণ করা হয়। সকালেই এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালিও বের করা হয়।
বিভাগীয় কমিশনার বলেন, “নারায়ণগঞ্জকে রক্ষা করতে হলে প্রথমেই নদী রক্ষা করতে হবে। শীতলক্ষ্যা নদীর মাছ আজ বিলুপ্তপ্রায়। এটা আমাদের জন্য অশনিসংকেত।” তিনি বলেন, “নারায়ণগঞ্জের মানুষ সংগ্রামী। নানা আন্দোলন-সংগ্রামে এই জেলার ভূমিকা দেশের ইতিহাসে উজ্জ্বল। আশা করি, জেলা প্রশাসনের এই উদ্যোগে নাগরিকরা এগিয়ে আসবেন।”
তিনি আরো বলেন, “এই গরমে হাঁসফাঁস অবস্থা। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, গাছ না থাকলে পরিবেশ কেমন হয়ে ওঠে। নিজের, সমাজের ও ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনে আমাদের গাছ লাগাতেই হবে।”
নদী ও খাল দখলমুক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “একসময় নারায়ণগঞ্জে অনেক খাল ছিল, সেগুলো উদ্ধার করতে না পারলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না।”
মাদক নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। বলেন, “যারা এখন মাদকাসক্ত, তাদের অনেকের শুরু সিগারেট দিয়ে। শিশুদের যদি শুরুতেই তামাক থেকে দূরে রাখা যায়, তাহলে মাদকের ভয়াবহতা থেকেও তাদের রক্ষা করা সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচিব মো. নুর কুতুবুল আলম, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন।