
বর্তমান নিউজ ডটকমঃ
নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই আন্দোলনে গণহত্যাকারী আওয়ামীলীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে । শনিবার (২৬ এপ্রিল) বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ বিক্ষোভ মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলের পূর্বে এনসিপির যুগ্ম-সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বলেন, দুই হাজার ছাত্র-জনতার জীবন এবং ৩০-৩৫ হাজার আহতদের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আশা করেছিলাম, এই বাংলাদেশে ফ্যাসিস্টের বিচার হবে। আর কখনও ফ্যাসিস্টের আস্ফালন দেখবো না। কিন্তু আমরা অত্যন্ত দু:খের সঙ্গে লক্ষ্য করছি, জুলাই বিপ্লবের ৮ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের তেমন কোন দৃশ্যমান কার্যক্রম এখন পর্যন্ত দেখি নাই।
এ সময় আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, যুগ্ম-মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নীরব রায়হান, সদস্য সচিব জাভেদ আলম প্রমুখ।