
বর্তমান নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জ মহানগরীর তিনটি থানা এলাকায় তিনটি প্রবীণ নিবাস (Old Age Home) প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। একই সঙ্গে এসব উদ্যোগের সঙ্গে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পকে সমন্বিতভাবে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত প্যালিয়েটিভ ও প্রবীণ সেবাবিষয়ক স্টেকহোল্ডার এনগেজমেন্ট সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনা তুলে ধরেন।
নাসিক প্রশাসক জানান, প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়নে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। প্রয়োজনে প্রকল্পের জন্য আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।
সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বাস্থ্যসেবা পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় নেতা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এ সময় প্যালিয়েটিভ কেয়ার ও প্রবীণদের জন্য সমন্বিত সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানবিক, মর্যাদাপূর্ণ ও সমন্বিত প্যালিয়েটিভ সেবা নিশ্চিত করার মাধ্যমে একটি সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা।
ব/নি-ব/জ