1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈধ পথে প্রবাসী আয় বাড়ানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। বর্তমানে তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই খাতকে শক্তিশালী করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি শ্রমিকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছিলেন।

তারেক রহমান বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরদের মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে।

এর ফলে প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বেড়েছে এবং প্রতিযোগিতা বৃদ্ধির কারণে অর্থ স্থানান্তরের খরচ কমেছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের নগদ সহায়তা বা প্রণোদনা দেওয়া হচ্ছে। পাশাপাশি কম খরচে অর্থ পাঠানোর সুযোগ বাড়াতে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক।

রেমিট্যান্স প্রবাহ আরও বাড়াতে নতুন প্রযুক্তি, মাধ্যম ও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে সরকারের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park