
বর্তমান নিউজ ডেস্ক
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম (২৫) নামে এক বাসহেলপারের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে দ্রুত জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান।
এ বিষয়ে ওসি মো. জগলুল হাসান বলেন, দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। আগুন দেওয়ার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সে তথ্যও পাওয়া যায়নি।
ব/নি-ব/ত