
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্বে অনুপস্থিত থাকা ও কর্মস্থল ত্যাগের অভিযোগে হারুন অর রশীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছিল। অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি লিখিত জবাব দেননি।
পরে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তদন্তে তাঁর বিরুদ্ধে আনা ‘পলায়ন’ (ডেজারশন) অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাঁকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
হারুন অর রশীদ ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশের অপরাধ ও অপারেশনস বিভাগের দায়িত্বেও ছিলেন।