
নিজস্ব প্রতিবেদক, বর্তমান নিউজ:
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজির সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২,০৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ সোমবার ঘোষণা করা নতুন দাম রাত ৮টার পর থেকে কার্যকর হবে। তবে গত মাস থেকেই বাজারে বিইআরসির নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নভেম্বরের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের চুক্তিমূল্য (সৌদি সিপি) বাড়ায় এলপিজির দাম সমন্বয় করা হয়েছে। কমিশনের নির্ধারণ অনুযায়ী, বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১৭১ টাকা ৬৮ পয়সা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম ২,০৬০ টাকা।
কমিশনের তথ্য অনুযায়ী, শুধু সৌদি সিপি বৃদ্ধির কারণে গত মাসের তুলনায় ১২ কেজির সিলিন্ডারের দাম মূসকসহ প্রায় ৭৪ টাকা বেড়েছে। নভেম্বরের জন্য সৌদি আরামকো প্রোপেনের দাম প্রতি টন ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলার নির্ধারণ করেছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সৌদি সিপি দাঁড়িয়েছে প্রতি টন ৭৫৯ ডলার। এর সঙ্গে এলপিজি আমদানির জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম—প্রতি টনে ২৫০ ডলার—এবং ডলারের বিনিময়মূল্য ১২৩ টাকা ৪৬ পয়সা বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
সরকারি এলপিজির দামও পুনর্নির্ধারণ করেছে বিইআরসি। এলপি গ্যাস পিএলসি সরবরাহকৃত ১২ দশমিক ৫০ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১,৮৬০ টাকা।

রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা বেসরকারি এলপিজির তরল অবস্থার দাম মূসকসহ প্রতি কেজি ১৬৫ টাকা ৮৫ পয়সা। গ্যাসীয় অবস্থায় প্রতি লিটারের দাম ৩৬ দশমিক ৮৫ পয়সা এবং প্রতি ঘনমিটারের দাম ৩৬৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা।
বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে। আমদানিকারকদের মজুদকরণ ও বোতলজাতকরণ চার্জ—অপারেটরের প্লান্ট থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত পরিবহন খরচসহ—১২ কেজিতে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ টাকা ৭৬ পয়সা করা হয়েছে। ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৫ টাকা; আর খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে।
গত মাসের শেষ দিকে এলপিজির বাজার অস্থির হয়ে পড়ে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দেন। ফলে ১,৫৮৫ টাকার এলপিজি কোথাও কোথাও ২,২০০ থেকে ২,৫০০ টাকায় বিক্রি হতে থাকে। এর আগে অক্টোবরে এলপিজির দাম ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।
ব/নি-ব/ত