1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

ফতুল্লায় ‘হাইব্রিড’ নেতার মুখোশ উন্মোচনের দাবি: জিডিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাজনৈতিক পরিচয় পরিবর্তনের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ফতুল্লা মডেল থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২১০৯, তারিখ: ২৩ জুলাই ২০২৬) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জিডিটি করেছেন কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মো. মান্নান মিয়া। এতে পশ্চিম লামাপাড়ার বাসিন্দা মোক্তার হোসেনের ছেলে মো. আলী হাসান (৪০)-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করা হয়েছে।
জিডিতে অভিযোগ করা হয়েছে, আলী হাসান অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের অনুসারী হিসেবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতেন। অভিযোগে আরও বলা হয়, জাতীয় নির্বাচনের সময় তিনি সাধারণ ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে চাপ প্রয়োগ করতেন এবং একটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকে ব্যালটে সিল দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে উল্লাস প্রকাশ করেছিলেন।
অভিযোগকারীর দাবি, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর আলী হাসান দ্রুত রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে নিজেকে বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিতে শুরু করেন। জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, অতীতের রাজনৈতিক পরিচয় গোপন রেখে তিনি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে স্থানীয় রাজনৈতিক পরিবেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
এছাড়া অভিযোগে দাবি করা হয়েছে, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী মামলায় তার নাম রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীদের একটি অংশের ভাষ্য, সাম্প্রতিক সময়ে ক্ষমতার পালাবদলের পর অনেক সুবিধাবাদী ব্যক্তি নিজেদের রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তাদের মতে, এ ধরনের ‘হাইব্রিড’ রাজনীতির কারণে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি করা ত্যাগী নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সাংগঠনিক শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।
স্থানীয় সচেতন মহলও অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেছেন, যে-ই হোক না কেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, সন্ত্রাস বা বিভ্রান্তিকর প্রচারণার সুযোগ দেওয়া উচিত নয়। প্রকৃত তথ্য উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park