
বর্তমান নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ছোট ভাই মো. রাফি ওরফে মোহন হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত বড় ভাই উজ্জল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার পর আত্মগোপনে চলে গেলেও শেষ পর্যন্ত শরিয়তপুর জেলার একটি চরাঞ্চল থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত উজ্জল মিয়া (৩৮) ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোড এলাকার ফাজিলপাড়ার বাসিন্দা। নিহত রাফি ওরফে মোহন (৩৪) তার ছোট ভাই এবং পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পারিবারিক সম্পত্তির দলিল নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, উজ্জল মিয়া বাবার কাছে বাড়ির দলিল দাবি করে আসছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরই জেরে শুক্রবার (১৫ মে) সকালে বাড়ির দ্বিতীয় তলা থেকে বের হওয়ার সময় ধারালো বটি দিয়ে ছোট ভাই মোহনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন উজ্জল।
পরিবারের সদস্যরা আহত অবস্থায় মোহনকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সোহরাওয়ার্দী হাসপাতাল নেওয়ার পথে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের বাবা বাবুল মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানা-এ হত্যা মামলা দায়ের করেন।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, হত্যার পর অভিযুক্ত উজ্জল পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের সহায়তায় অভিযান চালিয়ে শরিয়তপুরের চরাঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়।