1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে যুবদলের মিছিলে হামলা, আহত ১০; তিন মোটরসাইকেলে আগুন আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে গৃহকর্তা আহত দেশের সংকটে সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: মেজর জেনারেল ফয়সাল বাতেন সোমবার প্রকাশ হচ্ছে এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল, জানবেন যেভাবে বৈশাখী টিভিতে হামলার পর পুলিশ হেফাজতে ডিএমডি টিপু আলম মিলন মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের ব্যবসা, আয়ের রেকর্ড গড়ল GTA 6 মুসল্লিদের জায়গা বাড়াতে আধুনিক হচ্ছে পাগলা মসজিদ স্পেনের বিপক্ষে প্রতিশোধ নয়, শিরোপাই লক্ষ্য ফ্রান্সের: জিদান ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ পরাধীন করতে পারবে না: প্রধানমন্ত্রী হাজিরা দিয়েও কাজে যোগ দেননি শ্রমিকরা, আশুলিয়ায় ৮০ কারখানা বন্ধ

নিরাপত্তা দিতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান রাফির

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

নেত্রকোণায় নিজের পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও জড়িত কাউকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদকে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাফি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালানোর সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের উদ্দেশে রাফি বলেন, ‘আপনাকে তামাশা দেখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি। জনগণের ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়। যদি সেই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে সসম্মানে দায়িত্ব ছেড়ে দেন। আপনার লজ্জা হওয়া উচিত।’

সংবাদ সম্মেলনে রাফি জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে নেত্রকোণায় তাদের গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। ওই সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন তার বাবা-মা। একটি শপিং ব্যাগ ব্যবহার করে বাড়িতে আগুন ধরানোর চেষ্টা করা হয়। পেট্রোলের গন্ধ পেয়ে পাশের বাড়ির এক নারী বাইরে এসে বারান্দায় আগুন জ্বলতে দেখেন। তার চিৎকারে পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে ওঠেন। পরে তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে আগুনে বাড়ির পাশে থাকা মাছ ধরার ঠেলা জালের একাংশ পুড়ে যায়। এর ঠিক ওপরেই ছিল বিদ্যুতের মিটার।

রাফি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমি আমার বাবা-মাকে অক্ষত পেয়েছি।’

ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে পুলিশকে জানানো হয়েছে দাবি করে রাফি বলেন, পুলিশের নীরবতা ও নিষ্ক্রিয়তা তার পরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি করছে।

তিনি বলেন, ‘আমি শঙ্কায় আছি, আমার পরিবারের সঙ্গে আরও খারাপ কিছু হয়ে যায় কি না। যে রাষ্ট্র একটা হত্যার বিচার করতে পারে না, সেই রাষ্ট্র আমার বাবা-মায়ের জীবনের নিরাপত্তা কীভাবে দেবে, আমি জানি না।’

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনা তুলে ধরে এসব কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন রাফি। তিনি বলেন, জুলাই আন্দোলনের সম্মুখসারির সমন্বয়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, ডাকসু নেতা মুসাদ্দেকের বাড়িঘর ভাঙচুর, বিএনপির সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রাফি বলেন, ‘যারা বাসে আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে মারতে চায়, জনগণের জানমালের ক্ষতি করতে চায়, তারা কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে না। তারা নিছক একটি সন্ত্রাসী গোষ্ঠী।’

আওয়ামী লীগের প্রতি আর কোনো সহানুভূতি দেখানোর সুযোগ নেই মন্তব্য করে তিনি দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এ বিষয়ে কোনো আপস করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর তাদের ছাড়িয়ে নিতে বিএনপির কিছু নেতার তদবিরের অভিযোগও তোলেন রাফি। তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর বিএনপির কিছু নেতা তাদের ছাড়িয়ে নিতে তদবির করেছেন। এসব কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও নাশকতা চালানোর সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে রাফি বলেন, ‘রক্ত দিবেন আপনারা, জেল খাটবেন আপনারা; কিন্তু গাঙ পার হয়ে গেলে আপনাদের ত্যাগের দুই পয়সার মূল্য থাকে না। যারা আপনাদের ত্যাগের মূল্যায়ন করে না, এদের চিনে রাখুন।’

নিজের ও পরিবারের ওপর হামলার ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। শহীদি তামান্না নিয়েই এই লড়াই শুরু করেছিলাম।’

২০২৪ সালের ৩ আগস্টের স্মৃতিচারণা করে রাফি বলেন, সেদিন তার মা ফোন করে বলেছিলেন, ভয় নেই, মানুষ তার সঙ্গে আছে। বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার পরও মায়ের মধ্যে কোনো ভয় দেখেননি তিনি। বরং তার মা বলেছেন, ‘ভয় পাওয়ার কিছু নাই বাবা, আমরা কারোর ক্ষতি করি নাই। আল্লাহই বাঁচাইবো আমাদের।’

রাফি আরও বলেন, ‘জুলাইয়ে তোমাদের হাসিনার বুলেট আমাদের লড়াই থামাতে পারেনি, তোমাদের অগ্নিসন্ত্রাসও আমাদের এই লড়াই থামাতে পারবে না। আমাদের কোনো পিছুটান নেই, আমাদের সামনে শুধুই বাংলাদেশ। আমি যদি মরেও যাই, জনগণের পক্ষের এই লড়াই চলবেই। ইনশাআল্লাহ।’

সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park