1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

অর্থনৈতিক সংকটে বাংলাদেশ, হারাচ্ছে ‘উন্নয়নের বিস্ময়’ পরিচিতি

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

একসময় আন্তর্জাতিক অঙ্গনে ‘উন্নয়নের বিস্ময়’ বা ‘ডেভেলপমেন্ট সুপারস্টার’ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন গভীর অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও ব্যাংক খাতের ব্যাপক লুটপাটের প্রভাবে দেশের আর্থিক খাত দুর্বল হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগে স্থবিরতা এবং শিল্প খাতের নানা সংকট। নতুন সরকারের সামনে এসব চ্যালেঞ্জ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির এমন নাজুক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে ঢাকার এক ক্যাফে মালিক একান্তের অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে। তিনি গত এক বছর ধরে ব্যাংকে জমা রাখা নিজের অর্থ তুলতে পারছেন না। বারবার ব্যাংকে গিয়েও কোনো সমাধান পাননি। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে শুধু তারল্য সংকটের কথা জানানো হয়েছে। শুধু একান্ত নন, আরও কয়েকজন আমানতকারী অভিযোগ করেছেন, সন্তানদের বিয়ে কিংবা মা-বাবার শেষকৃত্যের মতো জরুরি প্রয়োজনেও নিজেদের জমানো টাকা তুলতে পারছেন না তারা।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার একটি বড় অংশ বর্তমানে গুরুতর সংকটে রয়েছে। এর পেছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে সংঘটিত ব্যাপক দুর্নীতি ও ঋণ অনিয়মকে। প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হলেও তার বড় অংশই আর ফেরত আসার সম্ভাবনা নেই। ফলে খেলাপি ঋণের বোঝা বেড়ে ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখন খেলাপি। তুলনামূলকভাবে প্রতিবেশী ভারতে খেলাপি ঋণের হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। একই সঙ্গে দেশের ব্যাংকগুলো মূলধন সংকটেও পড়েছে। বর্তমানে ব্যাংক খাতে মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩ দশমিক ৮ শতাংশে।

একসময় নানা রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল। ১৯৭১ সালে স্বাধীনতার পর নানা প্রতিকূলতা পেরিয়ে দেশটি উন্নয়নের একটি সফল উদাহরণ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। কিন্তু সাম্প্রতিক অর্থনৈতিক সংকট সেই অর্জনকে প্রশ্নের মুখে ফেলেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলেও দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ব্যাংক খাতের সংকট, তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চাপ সরকারের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরেও রাজনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংক খাতের দুর্নীতি ও অনিয়ম নিয়ে শ্বেতপত্র তৈরির সঙ্গে যুক্ত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক খাতে যে ভয়াবহ লুটপাট হয়েছে, বর্তমান সময়ে তার প্রভাব সামাল দিতে হচ্ছে।

প্রতিবেদনে ইসলামী ব্যাংকসহ শরিয়াহভিত্তিক এবং সরকারি ব্যাংকগুলোর দুরবস্থার বিষয়টিও তুলে ধরা হয়েছে। এসব ব্যাংকের শীর্ষ পদে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে ইসলামী ব্যাংক দখল ও ঋণ বিতরণে অনিয়মের বিষয়টি আলোচনায় এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর মোট ঋণের প্রায় অর্ধেক গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চলে যায়। তবে এসব অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন গ্রুপটির মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ।

অন্যদিকে, খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার পেছনে ব্যাংকিং খাতের হিসাব প্রকাশে স্বচ্ছতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্বপূর্ণ। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংকের একটি নীতির কারণে ঋণখেলাপিরা মাত্র ২ শতাংশ অর্থ জমা দিয়ে দীর্ঘ সময়ের জন্য ঋণ পরিশোধের সুযোগ পেতেন। ফলে প্রকৃত খেলাপি ঋণের চিত্র আড়ালে থেকে যায়। ২০২৫ সালে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ঋণ পরিশোধের নির্ধারিত তারিখের ৯০ দিন পার হলেই খেলাপি হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এর ফলে প্রকৃত খেলাপি ঋণের হার বেড়ে প্রায় ৩৩ শতাংশে পৌঁছায়।

ব্যাংক খাতের এই সংকট দেশের সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। ব্যবসা-বাণিজ্যে ঋণ বিতরণের হার ২০২৫ সালের প্রায় ১০ শতাংশ থেকে কমে চলতি বছরে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা গত ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চলতি বছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশে নেমে আসতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। এর আগে প্রবৃদ্ধির হার ছিল প্রায় সাড়ে ৬ শতাংশ।

এদিকে, জ্বালানি সংকট ও শ্রমিক অসন্তোষের কারণে শিল্পকারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। বিশ্বব্যাংকের আশঙ্কা, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো বাংলাদেশে দারিদ্র্যের হার বাড়তে পারে। এতে কয়েক দশকের দারিদ্র্য হ্রাসের অর্জন পিছিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

সংকটে থাকা ব্যাংকগুলোকে সচল রাখতে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত জরুরি তারল্য সহায়তা হিসেবে ৬ দশমিক ২ বিলিয়ন ডলার দিয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১ দশমিক ২ শতাংশ। তবে এই অর্থ যথেষ্ট নয় বলে মনে করছে আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস। সংস্থাটির ধারণা, আগামী কয়েক বছরে ব্যাংক খাতের মূলধন ঘাটতি পূরণে জিডিপির প্রায় ১০ শতাংশের সমপরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে।

প্রতিবেদনে নতুন সরকারের ব্যাংক খাত সংস্কার কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিপদে থাকা কিছু ঋণগ্রহীতার ঋণ পরিশোধের সময় বাড়ানোর সুযোগ এবং ঋণের সুদের হার নির্ধারণে নতুন বিধিনিষেধ আরোপের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার ব্যাংকগুলোর আর্থিক হিসাব পরিষ্কার করার চেষ্টা করছে এবং যেসব ভালো প্রতিষ্ঠান সাময়িক সংকটে রয়েছে, তাদের ঋণ পরিশোধে কিছুটা সময় দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, সরকারের রাজস্ব আদায়ের সীমাবদ্ধতাও অর্থনৈতিক সংকট মোকাবিলায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কর ফাঁকি ও দুর্বল রাজস্ব ব্যবস্থার কারণে বাংলাদেশ জিডিপির মাত্র ৭ শতাংশ রাজস্ব আদায় করতে পারছে। অন্যদিকে, খাদ্য ও জ্বালানি ভর্তুকির ব্যয় মেটাতে গিয়ে বাজেট ঘাটতিও বাড়ছে। ফলে ব্যাংক খাতকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা সরকারের নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক সংকট এখন রাজনৈতিক পরিস্থিতির সঙ্গেও গভীরভাবে জড়িয়ে পড়েছে। ব্যাংক খাতের সংস্কার, দুর্নীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা সরকারের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, অতীতের মতো নতুন করে রাজনৈতিক ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হলে ব্যাংক খাতের কাঙ্ক্ষিত সংস্কার বাধাগ্রস্ত হতে পারে। একজন সাবেক কর্মকর্তার মন্তব্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ব্যবস্থার ভেতরে মৌলিক পরিবর্তন এখনো আসেনি।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park