
বর্তমান নিউজ ডেস্ক
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।
এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। পরীমণি আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষ তাঁর জামিন বাতিলের আবেদন করে। তাঁর আইনজীবী অ্যালার্জিজনিত অসুস্থতার কথা জানিয়ে সময়ের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
২০২১ সালের ৬ জুলাই সাভারের বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসির উদ্দিন মাহমুদ পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলাটি করেন। অন্য দুই আসামি হলেন ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি।
মামলাটি তদন্ত করে ২০২৪ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরীমণি ও জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দেয়। পরে আদালতের সমনে হাজির হয়ে ওই বছরের ২৫ জুন তাঁরা জামিন পান।
ব/নি-ব/জ