
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব আবারও ঢাকায় গান গাইতে আসছেন। আগামী ৫ নভেম্বর টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্পী হিসেবে তিনি পারফর্ম করবেন।
বিশেষ ভিডিও বার্তায় সঞ্জয় নিজেই বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা তাঁর জন্য বিশেষ মুহূর্ত ছিল। তবে নিজের দেশের মানুষের সামনে গান পরিবেশনের অনুভূতি আলাদা। সাফ চ্যাম্পিয়নশিপে দর্শকদের সঙ্গে আনন্দ ও উচ্ছ্বাস ভাগ করে নিতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এর আগে ফিফা বিশ্বকাপের জন্য গান করার পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করেন সঞ্জয়। বিশ্বকাপের পর ঢাকায় এসে কনসার্টও করেছেন তিনি।
আয়োজনের পৃষ্ঠপোষক টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, সঞ্জয় তাঁর সংগীতকে বিশ্বমঞ্চে পৌঁছে দিলেও বাংলাদেশের সঙ্গে শিকড়ের সম্পর্ক ধরে রেখেছেন। তাঁকে বাংলাদেশে আনতে পেরে তাঁরা আনন্দিত।
তিনি বলেন, ফুটবল ও সংগীতের শক্তি ভৌগোলিক সীমা পেরিয়ে মানুষকে একত্রিত করে। উদ্বোধনী রাতটি দর্শকদের জন্য আনন্দ, উচ্ছ্বাস ও স্মরণীয় মুহূর্তে ভরপুর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬। এতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল অংশ নেবে।